দিনে দুপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হল। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগান থেকে চিঞ্চুলা যাওয়ার সড়কে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, রবিবার সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ রায়মাটাং চা বাগান থেকে চিঞ্চুলা যাওয়ার সড়কে এক ব্যাক্তির রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা কালচিনি থানায় খবর দেয় ।খবর পেয়ে ঘটনাস্থলে কালচিনি থানার পুলিশ এসে পৌছায় । পরবর্তীতে পুলিশ জানতে পারে মৃত ব্যাক্তি হ্যামিল্টণগঞ্জ এলাকার ব্যবসায়ী দীলিপ পাল । এরপরে ঘটনাস্থলে দীলিপ পালের দুই পুত্র এসে পৌছায়। মৃত দীলিপ পালের ছেলে শান্তুনু পাল জানান ,তার পিতা বালু ,বজরি ব্যবসা করতেন এবং আজ সকালে বাড়ি থেকে সাইকেলে করে পাওনা টাকা আদায় করতে বেরিয়েছিলেন । অনেকের কাছেই টাকা পাওনা ছিল। মৃতদেহ পাশের থেকে সাইকেলটি উদ্ধার হয়েছে। মৃতদেহ মাথায় ধারালো অস্ত্রের কোপ দেখে প্রাথমিক অনুমান তাকে হত্যা করা হয়েছে। কালচিনি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়ে তদন্ত শুরু করেছে।

